নিজ সংবাদ:
বগুড়ার শিবগঞ্জ উপজেলার পীরব এলাকায় লিচু চুরির অভিযোগে এক শিশুকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার ছবি ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিবগঞ্জ উপজেলার পীরব বাজার এলাকার এ বি এম সাইফুজামান লোটাসের লিচুর বাগানে সিহালী সরকারপাড়া গ্রামের রুবেল মণ্ডলের ১১ বছর বয়সী ছেলে কাওছারকে লিচু চুরির অভিযোগে আটক করা হয়। পরে তাকে গাছের সঙ্গে বেঁধে রাখা হয় এবং বুকের ওপর ‘লিচু চোর’ লেখা স্টিকার লাগিয়ে অপমান করা হয়।
ঘটনার পর মঙ্গলবার (২৬ মে) সকালে প্রধানমন্ত্রীর নির্দেশনায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম–এর তত্ত্বাবধানে উপজেলা বিএনপি ও প্রশাসনের একটি প্রতিনিধিদল কাওছারের বাড়িতে যায়। সেখানে শিশুটির পরিবারের খোঁজখবর নেওয়া হয় এবং তার হাতে লিচুসহ ঈদ উপহার তুলে দেওয়া হয়। প্রতিনিধিদলের সদস্যরা শিশুটির পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, কোনো শিশুকে এভাবে অপমান ও নির্যাতন করা মানবিকতা ও আইনের পরিপন্থী। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়।
এসময় উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
