নিজ সংবাদ:
অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্যিক চুক্তি নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। এবার এ বিষয়ে সরাসরি বিএনপিকে দায়ী করে বক্তব্য দিয়েছেন এনসিপির মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ।
মঙ্গলবার (২৬ মে) বিকেলে রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া ওই চুক্তি বিএনপির পরামর্শ ও ইচ্ছাতেই সম্পন্ন হয়েছিল।
আসিফ মাহমুদ বলেন, এনসিপির সঙ্গে এ বিষয়ে তৎকালীন সরকার কোনও আলোচনা করেনি। তিনি অভিযোগ করে বলেন, নির্বাচনের মাত্র তিন দিন আগে তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এই চুক্তি করেন এবং এর পেছনে তারেক রহমান ও বিএনপির সমর্থন ছিল।
তিনি আরও বলেন, চুক্তির কোনও অংশ সংশোধন বা বাতিল করতে চাইলে বিএনপিই তা করতে পারে। কারণ, বিশ্বের বিভিন্ন দেশও যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি বাতিল করেছে।
সংবাদ সম্মেলনে বিসিবি নির্বাচন নিয়েও সমালোচনা করেন আসিফ মাহমুদ। তার অভিযোগ, বর্তমান ব্যবস্থায় যোগ্যতার পরিবর্তে পারিবারিক পরিচয়কে প্রাধান্য দেওয়া হয়েছে এবং বিএনপি ক্রীড়াঙ্গনকে “পারিবারিকরণ” করছে।
