নিজ সংবাদ:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও চাল আত্মসাতের অভিযোগ উঠেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও ভুক্তভোগীদের দাবি, ৫০ কেজির বস্তায় ৪০ থেকে ৪৮ কেজি চাল সরবরাহ করা হচ্ছে। এ ঘটনায় উপজেলা খাদ্য গুদামের ইনচার্জ সেলিম রেজার বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
অভিযোগ অনুযায়ী, ইউনিয়ন পর্যায়ে গিয়ে অনেক সুবিধাভোগী পরিবার নির্ধারিত ১০ কেজির পরিবর্তে মাত্র ৬ থেকে ৭ কেজি চাল পাচ্ছেন। উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদেই একই ধরনের অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, দৌলতপুর উপজেলার প্রায় ২০ হাজারের বেশি কার্ডধারী পরিবার ভিজিএফ কর্মসূচির আওতায় রয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিটি পরিবারকে ঈদ উপলক্ষে ১০ কেজি করে চাল দেওয়ার কথা। তবে রিফায়েতপুর ইউনিয়নে ১ হাজার ৮০৫টি কার্ডের বিপরীতে বরাদ্দ দেওয়া ১৮ হাজার ৫০ কেজি চালের মধ্যে ব্যাপক ঘাটতির অভিযোগ ওঠে। ইউনিয়ন পরিষদে চাল পৌঁছানোর পর অধিকাংশ বস্তায় নির্ধারিত ওজনের চেয়ে কম চাল পাওয়া যায়। এতে ওই ইউনিয়নেই প্রায় ১ হাজার ১০০ কেজি চাল কম পাওয়া গেছে বলে অভিযোগ রয়েছে।
চাল পরিবহন শ্রমিক বাদল ও মামুন জানান, তারা ৩৫৫ বস্তা চাল নামিয়েছেন, তবে কোনো বস্তাতেই পূর্ণ ৫০ কেজি ওজন ছিল না।
রিফায়েতপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান বকুল বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
অভিযোগের বিষয়ে সেলিম রেজা কথা বলতে অস্বীকৃতি জানান। অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য গুহ বলেন, অভিযোগের সত্যতা পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
