ঈদযাত্রায় যমুনা সেতুতে যানবাহনের চাপ

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

নিজ সংবাদ:

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে কয়েকগুণ। গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৫৩ হাজার ২৪৬টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৭৭ লাখ ৫৮ হাজার ২০০ টাকা।

মঙ্গলবার সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রবিবার রাত ১২টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত পূর্ব প্রান্তের টোল প্লাজা দিয়ে উত্তরবঙ্গমুখী ৩২ হাজার ১৮৬টি যানবাহন পার হয়েছে। এ খাত থেকে আদায় হয়েছে ১ কোটি ৯৬ লাখ ৩১ হাজার ৪০ টাকা। অন্যদিকে পশ্চিম প্রান্ত দিয়ে ঢাকামুখী ২১ হাজার ৬০টি যানবাহন চলাচল করেছে, যেখানে টোল আদায় হয়েছে ১ কোটি ৮১ লাখ ৪০ হাজার ৭০ টাকা।

ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে মোটরসাইকেলের জন্য চারটি পৃথক বুথসহ মোট ১৮টি বুথ চালু রাখা হয়েছে বলে জানান তিনি। এছাড়া যানজট নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।

তবে অতিরিক্ত যানবাহনের চাপ, বৃষ্টি এবং সংযোগ সড়কে কয়েকটি গাড়ি বিকল হয়ে পড়ায় মহাসড়কে প্রায় ২৩ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এতে নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের দুর্ভোগ সবচেয়ে বেশি বেড়েছে।