নিজ সংবাদ:
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু এলাকায় এবার দেখা গেছে স্বস্তিদায়ক চিত্র। অতীতের মতো দীর্ঘ যানজট ও ভোগান্তির পরিবর্তে যাত্রীরা নির্বিঘ্নে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় পৌঁছাতে পারছেন।
পদ্মা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাদ জানান, গত ২৪ ঘণ্টায় মাওয়া প্রান্ত দিয়ে ২৮ হাজার ৪১৫টি যানবাহন পারাপার হয়েছে। এ প্রান্ত থেকে টোল আদায় হয়েছে ২ কোটি ৬৪ লাখ ২১ হাজার টাকা। অন্যদিকে জাজিরা প্রান্ত দিয়ে ১৫ হাজার ৫৯৩টি যানবাহন চলাচল করেছে এবং আদায় হয়েছে ২ কোটি ১৫ লাখ ৯৪ হাজার ৩৫০ টাকা। সবমিলিয়ে একদিনে মোট ৪৪ হাজার ৮টি যানবাহন পারাপার ও ৪ কোটি ৮০ লাখ টাকার বেশি টোল আদায় হয়েছে।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষর পরিচালক ও অতিরিক্ত সচিব আলতাফ হোসেন সেখ বলেন, ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে ৪৫ দিনের বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে। বর্তমানে প্রতি তিন সেকেন্ডে ১০টি গাড়ি টোল দিয়ে সেতু পার হচ্ছে। মোটরসাইকেলের জন্য পৃথক তিনটি লেনসহ মোট ১০টি লেনে টোল আদায় কার্যক্রম চলছে।
যানজট কমাতে পদ্মা সেতু উত্তর থানার সামনে বিশেষ বাস বে নির্মাণ করা হয়েছে। পাশাপাশি এক্সপ্রেসওয়েতে পুলিশের টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। যাত্রীরা বলছেন, সমন্বিত ব্যবস্থাপনার কারণে এবার ঈদযাত্রা অনেকটাই স্বস্তিদায়ক হয়ে উঠেছে।
