ঈদযাত্রায় দৌলতদিয়া-পাটুরিয়ায় যাত্রীর ঢল

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

নিজ সংবাদ:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে বাড়ি ফেরা মানুষের চাপ বেড়েছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে। মঙ্গলবার সকাল থেকেই ঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের ব্যাপক ভিড় দেখা যায়। তবে প্রশাসনের তৎপরতা ও সুষ্ঠু ব্যবস্থাপনার কারণে বড় ধরনের যানজট বা বিশৃঙ্খলা না হলেও বৈরী আবহাওয়া ও পর্যাপ্ত যাত্রী ছাউনির অভাবে অনেক যাত্রীকে দুর্ভোগ পোহাতে হয়েছে।

সরেজমিনে দেখা যায়, পাটুরিয়া থেকে ছেড়ে আসা প্রতিটি ফেরিতে যাত্রীদের উপচে পড়া ভিড়। যাত্রীবাহী বাসের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল ও কোরবানির পশুবাহী ট্রাকের সংখ্যাও ছিল চোখে পড়ার মতো। অনেক যাত্রী জানান, পদ্মা নদীতে বৈরী আবহাওয়ার কারণে লঞ্চের তুলনায় ফেরিকে বেশি নিরাপদ মনে করছেন তারা।

ঢাকার মিরপুর থেকে ঝিনাইদহগামী যাত্রী নেয়ামত হোসেন বলেন, পরিবার নিয়ে ঝুঁকি এড়াতে তারা ফেরিতে নদী পার হয়েছেন। তার মতে, উত্তাল নদীতে ফেরিই সবচেয়ে নিরাপদ মাধ্যম।

এদিকে কালবৈশাখী ঝড় ও প্রবল বৃষ্টির কারণে মঙ্গলবার বেলা সোয়া ১১টা থেকে প্রায় ৪৫ মিনিট দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়। এতে ঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয় এবং পশুবাহী ট্রাকগুলো আটকা পড়ে।

প্রবল বৃষ্টির সময় পর্যাপ্ত আশ্রয়ের ব্যবস্থা না থাকায় অনেক যাত্রী খোলা আকাশের নিচে ভিজে পড়েন। নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক সালাহ উদ্দিন জানান, নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। বর্তমানে বহরের ১৬টির মধ্যে ১৫টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার স্বাভাবিক রাখা হয়েছে।