বাংলাদেশিদের জন্য ট্রানজিট ভিসা বাধ্যতামূলক

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক:

বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন ভ্রমণ নির্দেশনা জারি করেছে ঢাকাস্থ মিসর দূতাবাস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে মিসর হয়ে অন্য কোনো দেশে যেতে হলে আগেভাগেই ট্রানজিট ভিসা সংগ্রহ করা বাধ্যতামূলক। বিমানবন্দরে পৌঁছে আর ট্রানজিট ভিসা নেওয়ার সুযোগ থাকবে না।

সোমবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, মিসরীয় কর্তৃপক্ষের সর্বশেষ নির্দেশনার আলোকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। এতে বলা হয়, ট্রানজিট ভিসা অবশ্যই ঢাকাস্থ মিসর দূতাবাস থেকেই আগে সংগ্রহ করতে হবে।

দূতাবাস আরও জানিয়েছে, ভ্রমণকারীর অবশ্যই বৈধ পাসপোর্ট থাকতে হবে। পাশাপাশি, চূড়ান্ত গন্তব্য দেশের বৈধ ভিসা বা রেসিডেন্স পারমিটও প্রয়োজন হবে, যদি তা প্রযোজ্য হয়। এছাড়া ভ্রমণ পরিকল্পনায় মিসরকে অবশ্যই ট্রানজিট পয়েন্ট হিসেবে উল্লেখ থাকতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মিসরে প্রবেশের ক্ষেত্রে দেশটির অভিবাসন নীতিমালা কঠোরভাবে অনুসরণ করা হবে। কোনো ব্যক্তি যদি প্রবেশ নিষেধাজ্ঞার তালিকায় থাকেন, তাহলে তাকে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

সম্ভাব্য ভোগান্তি এড়াতে যাত্রীদের ভ্রমণের আগেই প্রয়োজনীয় ট্রানজিট ভিসা সংগ্রহের পরামর্শ দিয়েছে দূতাবাস। বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া জানতে দূতাবাসের কনস্যুলার শাখার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।