নিজ সংবাদ:
চাঞ্চল্যকর রামিসা হত্যা মামলায় শতভাগ ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসন ও বিচার বিভাগকে নির্দেশ দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। মঙ্গলবার সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ নির্দেশনা দেন।
আইনমন্ত্রী বলেন, রামিসা হত্যা মামলায় কোনোভাবেই যেন প্রকৃত বিচার ব্যাহত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি প্রশাসন ও বিচার বিভাগের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এই মামলায় জনগণের প্রত্যাশা অনুযায়ী নিরপেক্ষ ও সুষ্ঠু বিচার নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
বিচার বিভাগের স্বাধীনতা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাংলাদেশের বিচার বিভাগ বর্তমানে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে এবং এই স্বাধীনতার মাত্রা বিশ্বের অনেক দেশের তুলনায় বেশি। তিনি বলেন, বিচার বিভাগের নিরপেক্ষতার বড় প্রমাণ হলো—বিভিন্ন মামলায় রাষ্ট্রপক্ষও পরাজিত হচ্ছে। বিচার বিভাগ স্বাধীন না হলে এমনটি সম্ভব হতো না।
দেশে বিচারাধীন মামলার জট নিয়ে উদ্বেগ প্রকাশ করে আইনমন্ত্রী জানান, বর্তমানে সারা দেশে প্রায় ৪৫ লাখ মামলা ঝুলে রয়েছে। এ পরিস্থিতির জন্য তিনি বিচারক ও আইনজীবীর স্বল্পতাকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন। তার ভাষ্য, মামলার তুলনায় পর্যাপ্ত জনবল না থাকায় মামলা নিষ্পত্তিতে দীর্ঘ সময় লাগছে। তবে সরকার এ সংকট নিরসনে কাজ করছে বলেও জানান তিনি।
স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনের সময় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, চিকিৎসক, আইনজীবী ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
