নিজ সংবাদ:
চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে পুলিশ ও র্যাবের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার দুপুরে পুলিশ সদর দপ্তরের এনসিকম ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশে সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকতে দেওয়া হবে না এবং তা নির্মূল করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গল সলিমপুরসহ কয়েকটি এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনাকে সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। তিনি অভিযোগ করেন, দীর্ঘ ১৭ বছর দেশে আইনের শাসন না থাকায় দুর্বৃত্তায়নের সংস্কৃতি গড়ে উঠেছে। জঙ্গল সলিমপুর একসময় “রাষ্ট্রের ভেতরে রাষ্ট্রে” পরিণত হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।
তিনি জানান, সাম্প্রতিক যৌথ অভিযানে ওই এলাকা থেকে বিপুল অস্ত্র উদ্ধার এবং একাধিক দাগী আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সেখানে পুলিশ একাডেমি, র্যাব একাডেমি, ক্রীড়া কমপ্লেক্স ও জেলা কারাগার নির্মাণের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। এ কারণে সন্ত্রাসীরা তাদের পুরোনো অবস্থান ধরে রাখতে মরিয়া হয়ে উঠেছে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি আরও বলেন, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে এবং খুব শিগগিরই এর দৃশ্যমান ফল পাওয়া যাবে।
এ সময় মো. আহসান হাবীব পলাশ বলেন, হামলাকারীদের মনিটরিংয়ে কিছু ঘাটতি ছিল, তবে আইনশৃঙ্খলা বাহিনীকে পরাস্ত করার মতো সক্ষমতা তাদের নেই। ঈদুল আজহা উপলক্ষে দেশের ঈদগাহগুলোর নিরাপত্তা নিশ্চিতে র্যাবের প্রস্তুতির বিষয়েও তিনি ব্রিফিং দেন।
