আন্তর্জাতিক ডেস্ক:
প্রায় তিন মাস বন্ধ থাকার পর আবারও হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক জ্বালানি পরিবহন শুরু হওয়ার ইঙ্গিত মিলেছে। সোমবার (২৫ মে) তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী (এলএনজি) দুটি ট্যাংকার সফলভাবে হরমুজ প্রণালি অতিক্রম করেছে। জাহাজ চলাচল সংক্রান্ত তথ্য অনুযায়ী, ট্যাংকার দুটি পাকিস্তান ও চীনের উদ্দেশ্যে যাত্রা করছে।
বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও এলএনজি এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যৌথ অভিযানের পর পাল্টা প্রতিক্রিয়ায় ইরান কার্যত হরমুজ প্রণালি দিয়ে নৌযান চলাচল সীমিত করে দেয়। পরে বিশেষ ট্রানজিট রুট নির্ধারণের মাধ্যমে ধীরে ধীরে কিছু জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়।
শিপিং তথ্য প্রতিষ্ঠান এলএসইজি ও ক্লেপারের তথ্য অনুযায়ী, কাতারের রাস লাফান বন্দর থেকে এলএনজি বহনকারী ‘ফুওয়াইরিত’ ট্যাংকারটি পাকিস্তানের দিকে যাচ্ছে। একইসঙ্গে কাতারএনার্জির ‘আল–রাইয়ান’ নামের আরেকটি ট্যাংকারও প্রণালি পাড়ি দিয়ে চীনের পথে রয়েছে।
এদিকে ইরাকের অপরিশোধিত তেলবাহী সুপারট্যাংকার ‘ইগল ভেরোনা’ গত শনিবার হরমুজ প্রণালি অতিক্রম করেছে। এটি প্রায় ২০ লাখ ব্যারেল তেল নিয়ে পূর্ব চীনের নিংবো বন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছে।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিতে ধীরে ধীরে জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে কিছুটা স্বস্তি ফিরতে পারে। তবে এখনো শত শত জাহাজ পারস্য উপসাগরে অপেক্ষমাণ রয়েছে।
