আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে একটি ট্রেনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সামরিক বাহিনীর সদস্যও রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন।
রবিবার (২৪ মে) কোয়েটা শহরের চমন ফটকের কাছে রেললাইনের পাশে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের সময় ট্রেনটিতে পাকিস্তানি সামরিক বাহিনীর সদস্যরা ছিলেন বলে জানিয়েছেন দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা।
পুলিশ জানায়, বিস্ফোরণে ট্রেনটির আংশিক ক্ষতি হয়েছে। এছাড়া আশপাশে পার্ক করে রাখা অন্তত ১০টি যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পরপরই উদ্ধারকারী দল ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের তীব্রতায় ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায় এবং আগুন ধরে যায়। এতে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ জানায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) হামলার দায় স্বীকার করেছে। সংগঠনটি দাবি করেছে, পাকিস্তানি সামরিক সদস্যদের লক্ষ্য করেই এ আত্মঘাতী হামলা চালানো হয়েছে।
ফরাসি বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে জানা গেছে, পেশোয়ারগামী ট্রেনটি চমন ফটকের একটি সিগন্যাল অতিক্রম করার সময় বিস্ফোরকবোঝাই একটি গাড়ি ট্রেনের বগিতে ধাক্কা দিলে বিস্ফোরণ ঘটে।
এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেন, “সন্ত্রাসবাদ পাকিস্তানের জনগণের মনোবল ভেঙে দিতে পারবে না।”
