বিএনপিকে দায়ী করলেন গোলাম পরওয়ার

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

নিজ সংবাদ:

খুন, ধর্ষণ, গণভোট ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সরকারের কঠোর সমালোচনা করেছেন মিয়া গোলাম পরওয়ার। তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে আসায় দেশের বর্তমান রাজনৈতিক সংকট আরও গভীর হয়েছে।

শনিবার (২৩ মে) ঝালকাঠি জেলার পূর্ব চাঁদকাঠীর একটি কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল এসব কথা বলেন।

তিনি বলেন, ক্ষমতাসীন দল বিএনপি এখন রাষ্ট্র পরিচালনার চেয়ে লুটপাটে বেশি ব্যস্ত। আগামী জুনে শুরু হতে যাওয়া বাজেট অধিবেশনে সংবিধান সংস্কার পরিষদের বৈঠক ডেকে গণভোটের রায় ও সংবিধানের তফসিল বাস্তবায়নের মাধ্যমে রাজনৈতিক সংকট নিরসনের দায়িত্ব বিএনপিকেই নিতে হবে।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, নির্বাচনের আগে বিএনপি গণভোটের পক্ষে ভোট চাইলেও সরকার গঠনের পর তারা অবস্থান পরিবর্তন করেছে। এখন সংসদে দাঁড়িয়ে গণভোটের বিরোধিতা করা হচ্ছে, যা দেশের জনগণের রায়কে অস্বীকার করার শামিল। পরে পিরোজপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত রুকন সম্মেলনেও তিনি একই অভিযোগ পুনর্ব্যক্ত করেন। তিনি দাবি করেন, গণভোটের রায় অস্বীকার করায় দেশে রাজনৈতিক ও সাংবিধানিক সংকট তৈরি হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাফাজ্জল হোসাইন ফরিদ। এছাড়া বক্তব্য দেন মুয়াযযম হোসাইন হেলাল, শফিকুল ইসলাম মাসুদ এবং এ কে এম ফখরুদ্দিন খান রাযীসহ দলীয় নেতারা।