নিজ সংবাদ:
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নাসীরুউদ্দীন পাটওয়ারীর বক্তব্যে রাজনৈতিক শালীনতা ও শৃঙ্খলার অভাব রয়েছে। শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাব-এ নোঙর ট্রাস্ট আয়োজিত ‘জনসম্পৃক্ত নদী ব্যবস্থাপনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, রাজনীতিতে যে শালীনতা ও দায়িত্বশীল আচরণ থাকা প্রয়োজন, নাসীরুউদ্দীন পাটওয়ারীর বক্তব্যে তার প্রতিফলন দেখা যায় না। তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী ও তার পরিবার নিয়েও অশালীন মন্তব্য করা হয়েছে।
তিনি আরও বলেন, শুক্রবার ঝিনাইদহে একটি রাজনৈতিক কর্মসূচিতে নাসীরুউদ্দীন পাটওয়ারী অস্ত্রধারী ব্যক্তিদের সঙ্গে অংশ নিয়েছেন। তার ভাষ্য অনুযায়ী, এসব ব্যক্তিরা অতীতে ছাত্ররাজনীতির ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।
রামিসা হত্যাকাণ্ড প্রসঙ্গে পানিসম্পদ মন্ত্রী বলেন, এ ঘটনায় সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে এবং ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। প্রধানমন্ত্রী নিহত শিশুর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। একইসঙ্গে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত বিচার নিশ্চিত করে দোষীদের সর্বোচ্চ শাস্তির আশ্বাস দিয়েছেন বলে জানান মন্ত্রী।
বিরোধী রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে তিনি বলেন, অতীতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাদের ছাত্রসংগঠনের ভূমিকা জনগণের জানা আছে। বর্তমান পরিস্থিতিতে বিরোধীদের আচরণ ও বক্তব্য জাতিকে গভীরভাবে বিশ্লেষণ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
আলোচনা সভায় তিনি দাবি করেন, সরকার শুরু থেকেই বিভিন্ন ইতিবাচক উদ্যোগ নিয়ে কাজ করছে, তবে এসব উদ্যোগ নিয়ে অযৌক্তিক সমালোচনা ও অসহযোগিতা কাম্য নয়।
