আলমডাঙ্গায় শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

রবিবার, সেপ্টে ১৩, ২০২৬

 

আলমডাঙ্গা অফিস \ সারাদেশকে নাড়িয়ে দেওয়া শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকান্ডের প্রতিবাদে আলমডাঙ্গায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল সাড়ে পাঁচটার দিকে আলমডাঙ্গা হাইরোডে বাংলাদেশ মানবাধিকার কমিশন আলমডাঙ্গা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের ঘটনা দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। অপরাধীরা বারবার পার পেয়ে যাওয়ায় সমাজে ধর্ষকদের দুঃসাহস বেড়ে যাচ্ছে। শিশু রামিসার নির্মম হত্যাকান্ড শুধু একটি পরিবারকে নয়, পুরো জাতিকে স্তব্ধ করে দিয়েছে। বক্তারা অবিলম্বে জড়িত ধর্ষক ও হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড কার্যকর করার দাবি জানান। পাশাপাশি আলমডাঙ্গায় সংঘটিত ধর্ষণচেষ্টার ঘটনারও দ্রুত বিচার দাবি করা হয়। বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আগের ঘটনাগুলোর দৃষ্টান্তমূলক বিচার হলে আজ আর নতুন করে কোনো রামিসাকে জীবন দিতে হতো না। বিচারহীনতার সংস্কৃতিই অপরাধীদের বেপরোয়া করে তুলেছে। এই ন্যাক্কারজনক অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে প্রকাশ্যে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।” মানববন্ধনে উপস্থিত ছিলেন শাখার উপদেষ্টা আলহাজ্ব ডাঃ লিয়াকত আলী, উপদেষ্টা হাফিজুর রহমান, শাখার সভাপতি আল আমিন হোসেন পরশ, নির্বাহী সভাপতি শরাফত রাসেল, সহ-সভাপতি মানোয়ার হোসেন, সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব হাসান রনি, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, স্বাস্থ্য সম্পাদক ডাঃ আব্দুল আল মামুন,  প্রচার সম্পাদক মাহফুজ, সহ-প্রচার সম্পাদক গোলাম রাব্বি, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হুমায়ন কবির, দপ্তর সম্পাদক জাহিদ, সহ-দপ্তর সম্পাদক জাহিদ হাসানসহ মানবাধিকার কর্মী চঞ্চল, শামীম রেজা,  সুলতানুল আরেফিন, পপি, শুরভী শরিফা ও আবু জাফর। এছাড়াও উপস্থিত ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব হাসিবুল হক লিপু ও নাগরিক উন্নয়ন কমিটির সভাপতি সিরাজুল ইসলাম, কবি কহন কুদ্দুসসহ আরো অনেকে। মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ধর্ষকদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মানবতার শত্রু এসব পশুর দ্রুত বিচার ও কঠোর শাস্তি নিশ্চিত না হলে সমাজ আরও ভয়াবহ অন্ধকারের দিকে ধাবিত হবে।