শাহ আলম মন্টু \ চুয়াডাঙ্গা জেলার ক্রীড়াঙ্গনে সাফল্যের ধারাবাহিকতায় যুক্ত হলো আরও একটি নতুন পালক। রাজশাহীতে অনুষ্ঠিত “৬ষ্ঠ বিকেএসপি কাপ বক্সিং প্রতিযোগিতা-২০২৬”-এ ৬৫-৭০ কেজি ওজন শ্রেণিতে ব্রোঞ্জ পদক জয় করেছেন আলমডাঙ্গার স্বয়ম্ভর ক্রীড়া কুঠিরের উদীয়মান বক্সার হযরত আলী। ?প্রতিযোগিতার সমাপনী ও জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ এনডিসি, পিএসসি। অনুষ্ঠান শেষে তিনি আনুষ্ঠানিকভাবে পদকজয়ী বক্সার হযরত আলীর হাতে মেডেল, সনদপত্র ও সম্মাননা স্মারক তুলে দেন। ?সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবারের স্বনামধন্য এই টুর্নামেন্টে আলমডাঙ্গা স্বয়ম্ভর ক্রীড়া কুঠির-চুয়াডাঙ্গার পক্ষ থেকে ২ জন বক্সার অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে ১ জন পদক অর্জন করে চুয়াডাঙ্গা জেলা ও নিজস্ব প্রতিষ্ঠানের গৌরবময় সাফল্যের ধারা অব্যাহত রেখেছেন। ?স্বয়ম্ভর ক্রীড়া কুঠিরের সভাপতি সাঈদ এম হিরন এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘হযরত আলী একজন অত্যন্ত চৌকস ও ক্লাসিক্যাল বক্সার। বিকেএসপি থেকে বিশেষভাবে প্রশিক্ষিত কোচ সাব্বির আহম্মেদের অধীনে দীর্ঘ দুই বছর নিবিড় ও কঠোর অনুশীলনের মধ্য দিয়ে সে নিজেকে প্রস্তুত করেছে।’ ? খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধিতে বিশেষ অবদানের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ঐশিকা সংস্থার সাত দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ ক্যাম্পটি আমাদের খেলোয়াড়দের মান উন্নয়নে দারুণভাবে সহায়তা করেছে। এই চমৎকার আয়োজনের জন্য ঐশিকা সংস্থার প্রেসিডেন্ট এম এ মান্নান রতন মহোদয়কে আমরা বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। ?সাফল্যের এই ধারাবাহিকতা ধরে রাখতে এবং ভবিষ্যতের প্রতিটি টুর্নামেন্টে চুয়াডাঙ্গা জেলা যেন আরও বড় গৌরব বয়ে আনতে পারে, সে জন্য স্বয়ম্ভর ক্রীড়া কুঠিরের পক্ষ থেকে সকল অভিভাবক, শুভানুধ্যায়ী ও ক্রীড়াপ্রেমীদের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।
