আসামিপক্ষে দাঁড়াবে না কোন আইনজীবী

রবিবার, সেপ্টে ১৩, ২০২৬

নিজ সংবাদ:

ঢাকা বার অ্যাসোসিয়েশন রামিসা হত্যা মামলার আসামিদের পক্ষে কোনো আইনজীবী মামলা পরিচালনা করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার (২২ মে) সকালে সমিতির সাধারণ সম্পাদক মো. আবুল কালাম খান এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আবুল কালাম খান বলেন, কার্যনির্বাহী কমিটির জুম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব দ্রুত আনুষ্ঠানিক রেজুলেশনের মাধ্যমে বিষয়টি প্রকাশ করা হবে।

তিনি বলেন, “রামিসা হত্যাকাণ্ড অত্যন্ত নৃশংস ও হৃদয়বিদারক। এ ধরনের অপরাধীদের পক্ষে দাঁড়ালে সমাজে অপরাধ প্রবণতা বাড়তে পারে। তাই ঢাকা আইনজীবী সমিতির কোনো সদস্য যেন আসামিপক্ষে আদালতে না দাঁড়ান, সে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

উল্লেখ্য, গত ১৯ মে রাজধানীর পল্লবী এলাকার একটি ফ্ল্যাট থেকে শিশু রামিসার মাথাবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে বাথরুমের একটি বালতি থেকে তার বিচ্ছিন্ন মাথা পাওয়া যায়। এ ঘটনায় প্রধান আসামি সোহেল রানা-কে ফতুল্লা এলাকা থেকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে তিনি ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।