তামিলনাড়ুতে বাতিল হলো পানির ট্যাংক প্রকল্প

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের তামিলনাড়ু রাজ্যে সরকারি টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ ঘিরে শুরু হওয়া রাজনৈতিক বিতর্কের মুখে একটি পানির ট্যাংক নির্মাণ প্রকল্পের টেন্ডার বাতিল করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়-এর নেতৃত্বাধীন তামিলগা ভেট্রি কাজাগাম (টিভিকে) সরকার দ্রুত এ সিদ্ধান্ত নেয়।

ভারতীয় সংবাদমাধ্যম India Today জানায়, থুথুকুডি জেলা-র একটি গ্রামে ৩ হাজার লিটারের ওভারহেড পানির ট্যাংক নির্মাণের জন্য ১৬ লাখ ৮৩ হাজার রুপির টেন্ডার আহ্বান করা হয়। তবে অভিযোগ ওঠে, পুরো প্রক্রিয়াটি অস্বাভাবিক দ্রুততার সঙ্গে সম্পন্ন করা হয়েছে।

নিয়ম অনুযায়ী, ১৩ মে থেকে টেন্ডারের বিস্তারিত তথ্য প্রকাশের কথা থাকলেও ১৮ মে সকাল ৯টায় টেন্ডার উন্মুক্ত করে মাত্র ছয় ঘণ্টা পর বিকেল ৩টায় তা বন্ধ করে দেওয়া হয়। পরদিনই একটি নির্দিষ্ট সংস্থাকে কার্যাদেশ দেওয়া হলে সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

প্রধান বিরোধী দল দ্রাবিড় মুনেত্রা কাজাগাম (ডিএমকে) অভিযোগ করে, নির্দিষ্ট একটি প্রতিষ্ঠানকে সুবিধা দিতেই পুরো প্রক্রিয়া সাজানো হয়েছিল। বিতর্কের মুখে সরকার ‘প্রশাসনিক কারণ’ দেখিয়ে টেন্ডার বাতিল করেছে এবং তদন্তের স্বার্থে দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।