যুদ্ধবিরতির পর দ্রুত সামরিক শক্তি পুনর্গঠন করছে ইরান

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক:

ইরান যুদ্ধবিরতির পর ধারণার চেয়েও দ্রুত গতিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াচ্ছে বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম CNN। বৃহস্পতিবার (২১ মে) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ইরানের সামরিক সক্ষমতা পুনর্গঠনের গতি মার্কিন গোয়েন্দাদেরও বিস্মিত করেছে।

প্রতিবেদন অনুযায়ী, টানা ৪০ দিনের সংঘাতের পর গত ৮ এপ্রিল পাকিস্তান-এর মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়। যুদ্ধবিরতির সুযোগে তেহরান সামরিক শক্তি পুনরুদ্ধারে কাজ করবে—এমন ধারণা মার্কিন গোয়েন্দাদের ছিল। তবে তারা এত দ্রুত পুনর্গঠন কার্যক্রম চালাবে, তা অনুমান করতে পারেননি।

এক মার্কিন গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানায়, ইরান ছয় মাসের মধ্যেই যুদ্ধের আগের সামরিক সক্ষমতার অবস্থানে ফিরে যেতে পারে। আরেক গোয়েন্দা দাবি করেন, যুদ্ধ শুরুর পর থেকেই চীন ইরানকে ক্ষেপণাস্ত্র তৈরির উপকরণ সরবরাহ করছে। যদিও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ অভিযোগ অস্বীকার করেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, রাশিয়া-ও ইরানকে সহায়তা করছে। বিশ্লেষকদের মতে, ইরানের দ্রুত সামরিক পুনর্গঠন ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

(সূত্র: সিএনএন)