আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রসিকতা করে বলেছেন, তিনি ইসরায়েলে এতটাই জনপ্রিয় যে ভবিষ্যতে চাইলে দেশটির প্রধানমন্ত্রী নির্বাচনেও অংশ নিতে পারেন। বুধবার (২০ মে) যুক্তরাষ্ট্র কোস্ট গার্ড একাডেমি-এর বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব শেষ করার পর হয়তো তিনি ইসরায়েল যাবেন এবং প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তার দাবি, সম্প্রতি প্রকাশিত একটি জনমত জরিপে ইসরায়েলের প্রায় ৯৯ শতাংশ মানুষ তার প্রতি সমর্থন জানিয়েছেন। যদিও কোন জরিপের কথা তিনি উল্লেখ করেছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। এ নিয়ে হোয়াইট হাউস থেকেও তাৎক্ষণিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
বর্তমানে ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন বেনিয়ামিন নেতানিয়াহু। দীর্ঘদিন ধরে তিনি দেশটির রাজনীতিতে প্রভাবশালী ভূমিকা পালন করছেন। বিশেষ করে ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার সময় ট্রাম্পকে তার ঘনিষ্ঠ আন্তর্জাতিক মিত্র হিসেবে দেখা হয়।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে নেতানিয়াহুর প্রশংসাও করেন ট্রাম্প। তিনি বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে একজন ভালো মানুষ এবং দক্ষ নেতা। একই সঙ্গে তাকে “যুদ্ধকালীন প্রধানমন্ত্রী” হিসেবে উল্লেখ করে ট্রাম্প দাবি করেন, বর্তমান সংকটের সময়ে নেতানিয়াহুর অবদানকে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না।
