আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের পর এবার সব মাদরাসাতেও বাধ্যতামূলক করা হয়েছে ‘বন্দে মাতরম’ গান। রাজ্য সরকারের নতুন নির্দেশনা অনুযায়ী, প্রতিদিন ক্লাস শুরুর আগে সব স্বীকৃত মাদরাসায় শিক্ষার্থীদের এই গান গাইতে হবে। বৃহস্পতিবার (২১ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যম NDTV এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
রাজ্যের সংখ্যালঘু বিষয়ক ও মাদরাসা শিক্ষা দপ্তরের আওতাধীন মাদরাসা অধিদপ্তর থেকে জারি করা নির্দেশনায় বলা হয়েছে, সরকারি সহায়তাপ্রাপ্ত ও বেসরকারি সব মাদরাসায় এই নিয়ম অবিলম্বে কার্যকর হবে। প্রতিদিন সকালের সমাবেশ বা প্রার্থনার সময় শিক্ষার্থীদের বাধ্যতামূলকভাবে ‘বন্দে মাতরম’ গাইতে হবে।
এর আগে গত সপ্তাহে রাজ্যের সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের জন্যও একই ধরনের নির্দেশনা জারি করা হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক অনলাইন পোস্টে জানান, পূর্বের সব নির্দেশনা বাতিল করে স্কুল ও মাদরাসাসহ সব শিক্ষা প্রতিষ্ঠানে সকালের সমাবেশে ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনে ‘বন্দে মাতরম’ ছিল অন্যতম গুরুত্বপূর্ণ স্লোগান। চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের কেন্দ্রীয় সরকার গানটিকে জাতীয় সংগীত ‘জন গণ মন’-এর সমমর্যাদা দেওয়ার পর বিষয়টি নতুন রাজনৈতিক গুরুত্ব পায়। এদিকে তামিলনাড়ু ও কেরালা-সহ বিভিন্ন রাজ্যেও ‘বন্দে মাতরম’ ঘিরে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। বিরোধী দলগুলোর অভিযোগ, বিষয়টি সাংস্কৃতিক ও রাজনৈতিক বিভাজন আরও বাড়িয়ে তুলতে পারে।
