নিজ সংবাদ:
পশ্চিমবঙ্গের কলকাতা শহরে শুরু হতে যাচ্ছে ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনের (জেআরসি) ৯০তম বৈঠক। বৃহস্পতিবার (২১ মে) শুরু হওয়া তিন দিনব্যাপী এ বৈঠক চলবে আগামী শনিবার পর্যন্ত। গঙ্গার পানি বণ্টন চুক্তির পুনর্নবীকরণকে কেন্দ্র করে এবারের বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
বুধবার (২০ মে) বৈঠকে অংশ নিতে কলকাতায় পৌঁছেছে বাংলাদেশের ছয় সদস্যের প্রতিনিধি দল। বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন যৌথ নদী কমিশনের সদস্য মোহাম্মদ আনোয়ার কবির। প্রতিনিধি দলে আরও রয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিভাগের পরিচালক মোহাম্মদ বাকি বিল্লাহ, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর (রাজনৈতিক) মোহাম্মদ আলমগীর হোসেন এবং কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনের দ্বিতীয় সচিব (রাজনৈতিক) মোহাম্মদ ওমর ফারুক আকন্দ।
অন্যদিকে ভারতের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির জলসম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের এক যুগ্ম সচিব। সঙ্গে রয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের সেচ দপ্তরের একজন প্রধান প্রকৌশলী।
বৈঠকের শুরুতেই বৃহস্পতিবার বাংলাদেশের প্রতিনিধি দল মুর্শিদাবাদ সফর করবে। সেখানে ফারাক্কা ব্যারাজ এলাকায় গঙ্গা নদীর পানির প্রবাহ পরিমাপ করবেন তারা। পরে শুক্রবার কলকাতায় ফিরে একটি অভিজাত হোটেলে মূল বৈঠকে অংশ নেবেন প্রতিনিধিরা।
উল্লেখ্য, ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর ভারত ও বাংলাদেশের মধ্যে ৩০ বছর মেয়াদি গঙ্গা পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়। চলতি বছরের ৩১ ডিসেম্বর চুক্তিটির মেয়াদ শেষ হবে। তাই নতুন চুক্তি বা নবায়নের বিষয়টি এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।
