দৌলতপুরে জমিজমা নিয়ে হামলায় যুবক গুরুতর আহত

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

 

শফিকুর রহমান \ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের ছাতারপাড়া এলাকায় জমিজমা নিয়ে এক যুবকের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীদের হাতুড়ির আঘাতে গুরুতর আহত হয়েছেন আব্দুল লতিফ নামের ওই যুবক। গতকাল বুধবার (২০ মে) সন্ধ্যার কিছুক্ষণ আগে আংদিয়া কবরস্থানের সামনে এ হামলার ঘটনা ঘটে। আহত আব্দুল লতিফ ছাতারপাড়া এলাকার জবেদ আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, হিদাইপুর গ্রামের আহার মন্ডলের ছেলে ফাইনাল মন্ডল, রাজ্জাকের ছেলে রূপক, তুষারসহ ৪ থেকে ৫ জনের একটি দল অতর্কিতভাবে লতিফের ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে তাকে গুরুতর জখম করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। লতিফের আত্মচিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করেন। চিকিৎসকরা জানান, আহত লতিফের মাথায় গুরুতর আঘাত লেগেছে এবং সেখানে ১৭টি সেলাই দিতে হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিনের জমিজমা নিয়ে  বিরোধ চলছিল এই নিয়ে  হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।