তরিকুল ইসলাম \ দীর্ঘদিনের ভোগান্তির পর অবশেষে স্বস্তি ফিরতে শুরু করেছে কুষ্টিয়া-ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়কে। ভাদালিয়া থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় পর্যন্ত ৯ কিলোমিটার সড়কের সংস্কার কাজের মধ্যে ইতোমধ্যেই প্রায় ৩ কিলোমিটার অংশ চলাচলের উপযোগী করা হয়েছে। গতকাল বুধবার সরেজমিনে গিয়ে সড়কের চলমান সংস্কার কাজের চিত্র দেখা যায়। প্রায় ২২ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এই প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলায় খুশি স্থানীয় বাসিন্দা ও পরিবহন চালকরা। দীর্ঘ সময় ধরে সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দ ও ভাঙনের কারণে যানবাহন চলাচল ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যাত্রীবাহী বাস, ট্রাক, অটোরিকশাসহ ছোট যানবাহনের চালকদের প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হতো। অনেক সময় যানবাহনের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশও ক্ষতিগ্রস্ত হতো। ট্রাকচালক ফারুক বলেন, “ভাঙা রাস্তার কারণে ডিপেনশেল, হ্যাঙ্গারসহ বিভিন্ন যন্ত্রাংশ দ্রুত নষ্ট হয়ে যায়। আজও আমার গাড়ির হ্যাঙ্গার ও এক্সেল ভেঙে গেছে।” অটোচালক জহুরুল ইসলাম বলেন, “আগের তুলনায় এখন কিছুটা স্বস্তিতে চলাচল করতে পারছি। পুরো রাস্তার কাজ শেষ হলে দুর্ভোগ আরও কমবে।” সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, চলমান প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্ত অংশ পুনর্নির্মাণ ও নতুন কার্পেটিংয়ের কাজ দ্রুতগতিতে চলছে। কুষ্টিয়া সড়ক উপবিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী কাফি হোসেন জানান, “ভাদালিয়া থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় পর্যন্ত ৯ কিলোমিটার সড়কের সংস্কার কাজ চলছে। আমরা আশা করছি, আগামী ৩০ জুনের আগেই কাজ শেষ হবে।” স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের প্রত্যাশা, দ্রুত কাজ শেষ হলে কুষ্টিয়া ও ঝিনাইদহ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে।
