কুষ্টিয়ায় এসএসসি পরীক্ষা শেষে নদীতে গোসলে নেমে দুই বন্ধুর মৃত্যু

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

 

নিজ সংবাদ \ কুষ্টিয়ায় নদীতে গোসল করতে নেমে এসএসসি পরীক্ষার্থী দুই বন্ধুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (২০ মে) বিকেল সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে। নদীতে ডুবে মারা যাওয়া দুই বন্ধুর লাশ উদ্ধারে সহযোগিতাকারী অজ্ঞাতনামা এক যুবকের অবস্থা সংকটাপন্ন বলে জানা যায়। স্থানীয়রা জানান, বেলা  সাড়ে ৩টার দিকে কুষ্টিয়া শহরের হরিপুর গড়াই ব্রীজের পশ্চিম পার্শ্বে নদীতে গোসলে নামেন এসএসসি পরীক্ষার্থী দুই বন্ধু সাকিবুল ইসলাম সাবিত (১৬) ও ইফতি রহমান (১৬)।  সাকিবুল শহরের থানাপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে আর ইফতি হরিপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ইফতি হরিপুরে অবস্থিত দি ওল্ড কুষ্টিয়া হাইস্কুল এবং সাকিবুল কুষ্টিয়া জিলা স্কুল থেকে বিজ্ঞান বিভাগের এবার এসএসসি পরীক্ষার্থী ছিল। গতকাল বুধবার কুষ্টিয়া শহর থেকে শেষ পরীক্ষা জীব বিজ্ঞান পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে স্কুল ড্রেস পরিহিত অবস্থায় গড়াই নদীতে গোসল করতে নামে। এর আগে তাদের সাথে থাকা স্কেল ও প্রবেশপত্র ও ফাইল নদীর ধারে রাখে। কিন্তু সাঁতার না জানায় সাথে সাথে তারা পানিতে ডুবে যায়। দুর থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তি তাদের ডুবে যাওয়া দেখতে পেয়ে দ্রুত নদীতে ঝাঁপিয়ে পড়েন। তিনি একক প্রচেষ্টায় বেশ কয়েক মিনিট পর দুই বন্ধুর নিথর দেহ উদ্ধার করে নদী থেকে উপরে নিয়ে আসেন। এসময় তিনি মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। এলাকাবাসী দুই বন্ধুকে এবং উদ্ধারকারীকে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে হাসপাতালের চিকিৎসক দুই বন্ধুকে মৃত ঘোষনা করেন এবং উদ্ধারকারী অজ্ঞাতনামা ব্যক্তিকে আইসিইউ বিভাগে নিবিড় পর্যবেক্ষনে রেখে তাকে চিকিৎসা দেয়া হয়। বর্তমানে ঐ ব্যক্তির অবস্থা সংকটাপন্ন। এদিকে এসএসসি পরীক্ষার্থী দুই বন্ধুর মৃত্যুর খবরে তাদের পরিবার ও স্বজনেরা হাসপাতালে পৌছেন। এসময় স্বজনদের আহাজারিতে সেখানকার পরিবশে ভারি হয়ে উঠে। হরিপুর গড়াই নদী সংলগ্ন এলাকার মানুষেরা জানান, ঘটনার সাথে সাথে ফায়ার সার্ভিসকে ফোন দিলে তাদের ঘটনাস্থলে পৌছাতে আধা ঘন্টার বেশি সময় লাগে। এর আগেই তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ইকবাল হাসান জানান, বিকেল সাড়ে চারটার দিকে দুই শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়। কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. ওয়াদুদ হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।