নিজ সংবাদ:
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী শুধু আইনশৃঙ্খলা রক্ষায় নয়, প্রযুক্তি উন্নয়ন ও কর্মসংস্থান তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার সকালে গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ভিডিপি একাডেমিতে আয়োজিত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ-২০২৬ উপলক্ষে ব্যুত্থান মহড়া প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও অবকাঠামোর নিরাপত্তায় আনসার বাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। গ্রাম, শহর, বন্দর এবং পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকাতেও বাহিনীটি দায়িত্বশীলতার সঙ্গে কার্যক্রম পরিচালনা করছে।
তিনি আরও বলেন, দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে আনসার সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দুর্যোগকালেও সাধারণ মানুষের পাশে থেকে সেবামূলক কার্যক্রম পরিচালনা করেছে এই বাহিনী। এসব কর্মকাণ্ডের কারণেই আনসার বাহিনী একটি স্বতন্ত্র ও শৃঙ্খলাবদ্ধ বাহিনী হিসেবে মর্যাদা অর্জন করেছে।
প্রধানমন্ত্রী জানান, বর্তমানে আনসার বাহিনীর ১৩ হাজারের বেশি ফ্রিল্যান্সিং ও ফিল্ড ভিডিপি সদস্য বিভিন্ন প্রযুক্তিনির্ভর কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। পাশাপাশি বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও পারস্পরিক আস্থা তৈরিতেও তারা কাজ করছেন। এর আগে ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে আনসার সদস্যদের কুচকাওয়াজ ও মৌলিক প্রশিক্ষণ প্রদর্শনী উপভোগ করেন প্রধানমন্ত্রী।
