‘আওয়ামী লীগ নয়, ফিরে এসেছে তাদের দম্ভ’: আসিফ নজরুল

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

নিজ সংবাদ:

অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, আওয়ামী লীগ নতুন করে ফিরে আসেনি; বরং ফিরে এসেছে তাদের ‘দম্ভ, মিথ্যাচার ও মানুষকে বিভ্রান্ত করার দুঃসাহস’।

বুধবার (২০ মে) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে আসিফ নজরুল লেখেন, “আওয়ামী লীগ ব্যাক করেনি। তারা ছিলই। ব্যাক করেছে তাদের দম্ভ, মিথ্যাচার আর মানুষকে বিভ্রান্ত করার দুঃসাহস।”

এর আগে আওয়ামী লীগের ‘ফিরে আসা’ প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ পোস্ট দেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। সেখানে তিনি দাবি করেন, আওয়ামী লীগ কেবল রাজনৈতিক দল নয়, বরং একটি ‘ধর্মতত্ত্ব’, যার প্রভাব আবারও সমাজে দৃশ্যমান হচ্ছে।

মাহফুজ আলম তার পোস্টে দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির নানা দিক তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, গত কয়েক বছরে উগ্রবাদ, মব সংস্কৃতি, মতপ্রকাশের সংকোচন, সংখ্যালঘু নির্যাতন এবং রাজনৈতিক সমঝোতার রাজনীতির মধ্য দিয়ে আওয়ামী লীগের পুনরুত্থানের পরিবেশ তৈরি হয়েছে। তার ভাষায়, “লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন আইনের শাসনের বদলে মবের শাসনে আনন্দ পাওয়া হয়েছে।” একই সঙ্গে তিনি অন্তর্বর্তী সরকারের কিছু সিদ্ধান্ত, প্রশাসনিক প্রভাব এবং রাজনৈতিক সমীকরণ নিয়েও সমালোচনা করেন।

মাহফুজ আলম আরও বলেন, সংস্কার ও বিচার প্রক্রিয়া রাজনৈতিক দরকষাকষির হাতিয়ার হয়ে উঠলে জনগণের মধ্যে হতাশা বাড়ে এবং সেটিই আওয়ামী লীগের জন্য সুযোগ তৈরি করেছে। দুই সাবেক উপদেষ্টার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে।