ক্রসফায়ারে হত্যা মামলায় হাসানাত আব্দুল্লাহসহ ৪ জনের বিচার শুরু

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

নিজ সংবাদ:

বরিশালের আগৈলঝাড়ায় ছাত্রদল নেতা টিপু হাওলাদার ও কবির মোল্লাকে ‘ক্রসফায়ার’-এর নামে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৭ জুন দিন ধার্য করা হয়েছে।

মামলায় গ্রেপ্তার রয়েছেন উজিরপুর থানার সাবেক এএসআই মাহাবুল ইসলাম ও এএসআই জসিম উদ্দিন। অন্যদিকে সাবেক এমপি আবুল হাসানাত আবদুল্লাহ এবং বরিশালের সাবেক পুলিশ সুপার এহসান উল্লাহ বর্তমানে পলাতক রয়েছেন।

নিহত টিপু হাওলাদার ছিলেন আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। অপর নিহত কবির মোল্লা ছিলেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার সাংগঠনিক সম্পাদক। এদিন গ্রেপ্তার দুই আসামিকে আদালতে হাজির করা হলে ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান। পরে তারা নিজেদের নির্দোষ দাবি করলে আদালত আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দেন।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, নিহত দুজন ছিলেন আবুল হাসানাত আবদুল্লাহর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। তাদের সরিয়ে দিতে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে পরিকল্পনা করা হয়। অভিযোগে বলা হয়, সেই পরিকল্পনার অংশ হিসেবে ২০১৫ সালের ২০ ফেব্রুয়ারি মিথ্যা মামলায় গ্রেপ্তার করে আগৈলঝাড়া বাইপাস সড়কের পাশে ‘ক্রসফায়ার’-এর নাটক সাজিয়ে তাদের হত্যা করা হয়।