দেশকে অস্থিতিশীল করতে সক্রিয় একটি চক্র: গোলাম পরওয়ার

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

নিজ সংবাদ:

দেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীলতার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন মিয়া গোলাম পরওয়ার। বুধবার (২০ মে) ছয় দিনের মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

জামায়াতে ইসলামীর এই শীর্ষ নেতা বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর ‘নির্লজ্জ ব্যর্থতার’ কারণে সাধারণ মানুষের জানমাল আজ হুমকির মুখে পড়েছে। তিনি দাবি করেন, দেশের বর্তমান পরিস্থিতির দায় সরকারও এড়াতে পারে না।

মিয়া গোলাম পরওয়ার বলেন, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। এ পরিস্থিতি মোকাবিলায় শুধু সরকারের পদক্ষেপই যথেষ্ট নয়, জনগণকেও সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি আরও বলেন, সামনে ঈদুল আজহা। তাই পশুর হাট ব্যবস্থাপনা, বর্জ্য অপসারণ এবং মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে সরকারকে এখনই কার্যকর পরিকল্পনা নিতে হবে। এ সময় তিনি দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে দ্রুত ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।