দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ২১ লক্ষাধিক টাকার মাদক উদ্ধার

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

 

দৌলতপুর প্রতিনিধি \ কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ২১ লক্ষাধিক টাকার ভারতীয় মাদক ও মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টায় বিজ্ঞপ্তিতে সূত্রে এ তথ্য জানিয়েছে বিজিবি। বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ’’ প্রাগপুর বিওপির টহল দল গতকাল মঙ্গলবার ভোর সাড়ে ৪টায় সীমান্ত পিলার ১৪৮/২-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রাগপুর কবরস্থান ঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ৬৬০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ২৯০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ১০৫ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করে। একই দিন আনুমানিক ভোর ৫টায় ধর্মদাহ বিওপির টহল দল সীমান্ত পিলার ১৪৭/৭-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ডিজিটি মাঠ এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১০ বোতল মদ, ৬৫০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৩৬০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও সোমবার রাত ১১.৪০ টায় চিলমারী বিওপির টহল দল শান্তিপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১০ বোতল মদ, ২হাজার ৮১০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ২ হাজার ১৬০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করে। বিজিবি’র পৃথক অভিযানে উদ্ধার হওয়া মাদক ও মাদদ্রবের সিজার মূল্য ২১ লাখ ১৪ হাজার ৭৭৫ টাকা বলে বিজিবি সূত্র জানিয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং অভিযান কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। দেশের সীমান্ত সুরক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতকরণে বিজিবি সর্বদা সতর্ক ও অঙ্গীকারবদ্ধ রয়েছে।