নিরাপত্তা ঝুঁকিতে কুষ্টিয়া শহর

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

 

 

শফিকুর রহমান \ কুষ্টিয়া শহরকে নিরাপদ ও আধুনিক নগরীতে রূপ দিতে কয়েক বছর আগে গুরুত্বপূর্ণ মোড় ও সড়কে স্থাপন করা হয়েছিল সরকারি সিসি ক্যামেরা। উদ্দেশ্য ছিল অপরাধ নিয়ন্ত্রণ, যানবাহন পর্যবেক্ষণ এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু দুঃখজনক হলেও সত্য—সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেই নিরাপত্তা ব্যবস্থাই এখন প্রায় অকার্যকর হয়ে পড়েছে। শহরের বড়বাজার, এনএস রোড, কলেজ মোড়, সাদ্দাম বাজার, হাসপাতাল মোড়, চৌড়হাস, মজমপুর, বটতলা ও  ত্রিমোহনী পুলিশলাইনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় স্থাপন করা অধিকাংশ সিসি ক্যামেরা বর্তমানে বিকল কিংবা নষ্ট অবস্থায় পড়ে আছে। কোথাও ক্যামেরা ঝুলে রয়েছে, কোথাও বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন, আবার কিছু ক্যামেরা সম্পূর্ণ অচল হয়ে গেছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নিয়মিত তদারকি ও মেরামতের উদ্যোগ না থাকায় কোটি টাকার এই প্রকল্প আজ অনেকটাই অকার্যকর হয়ে পড়েছে। তাদের অভিযোগ, ক্যামেরাগুলো সচল থাকলে শহরের বিভিন্ন অপরাধ দ্রুত শনাক্ত করা সম্ভব হতো। কিন্তু এখন সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। ব্যবসায়ীরাও উদ্বেগ প্রকাশ করেছেন। বিশেষ করে বড়বাজার ও ব্যস্ত বাণিজ্যিক এলাকাগুলোতে সিসি ক্যামেরা অচল থাকায় চুরি, ছিনতাই ও অন্যান্য অপরাধের ঝুঁকি বেড়ে গেছে বলে মনে করছেন তারা। অনেকেই বলছেন, আগে ক্যামেরা থাকায় অপরাধীরা কিছুটা ভয় পেত, কিন্তু এখন নজরদারি দুর্বল হয়ে পড়ায় নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

 

নগরবাসীর মতে, শুধু ক্যামেরা স্থাপন করলেই দায়িত্ব শেষ হয় না; সেগুলো নিয়মিত রক্ষণাবেক্ষণ ও মনিটরিং করাও অত্যন্ত জরুরি। আধুনিক বিশ্বের উন্নত শহরগুলোতে প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থা নাগরিক সুরক্ষার অন্যতম প্রধান উপাদান। অথচ কুষ্টিয়ার মতো গুরুত্বপূর্ণ জেলা শহরে সেই ব্যবস্থাই আজ ভেঙে পড়ার পথে। এ বিষয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার জসিম উদ্দিন জানিয়েছেন, অচল ক্যামেরাগুলো পুনরায় সচল করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। তিনি বলেন, শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং অপরাধ দমনে কার্যকর সিসি ক্যামেরা ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্রুত সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি। সচেতন মহল মনে করছে, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে শহরের নিরাপত্তা ব্যবস্থা আরও দুর্বল হয়ে পড়বে। তাই অচল ক্যামেরাগুলো দ্রুত মেরামত ও নতুন প্রযুক্তি সংযোজন এবং নিয়মিত তদারকির মাধ্যমে পুরো নজরদারি ব্যবস্থাকে আধুনিক ও কার্যকর করার দাবি জানিয়েছেন কুষ্টিয়াবাসী। নিরাপদ শহর গড়তে শুধু পরিকল্পনা নয়, প্রয়োজন বাস্তবায়ন ও ধারাবাহিক রক্ষণাবেক্ষণ। এখন দেখার বিষয়—কুষ্টিয়ার শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে আবারও সচল হয় কি না সেই নিরাপত্তার চোখ, সরকারি সিসি ক্যামেরা।