গঙ্গায় খাবারের উচ্ছিষ্ট ফেলায় ধর্মীয় অনুভূতিতে আঘাত: এলাহাবাদ হাইকোর্ট

বুধবার, জুন ৩, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের এলাহাবাদ হাইকোর্ট পর্যবেক্ষণ করেছে, গঙ্গা নদীতে আমিষ খাবারের বর্জ্য বা উচ্ছিষ্ট ফেলা সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে। বারাণসীতে গঙ্গার বুকে একটি নৌকায় ইফতার পার্টির আয়োজন করে খাবারের অবশিষ্টাংশ নদীতে ফেলার অভিযোগে গ্রেপ্তার হওয়া আট ব্যক্তিকে জামিন দিতে গিয়ে আদালত এ মন্তব্য করেন। মামলার শুনানিতে বিচারপতি রাজীব লোচন শুক্লা ও বিচারপতি জিতেন্দ্র কুমার সিনহা পৃথক আদেশে অভিযুক্তদের জামিন মঞ্জুর করেন।

মামলার বিবরণ অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ পবিত্র রমজান মাসে বারাণসীর গঙ্গা নদীতে একটি নৌকায় ইফতার পার্টির আয়োজন করা হয়। অভিযোগ রয়েছে, অংশগ্রহণকারীরা আমিষ খাবার গ্রহণের পর তার উচ্ছিষ্ট নদীতে ফেলে দেন। এরপর বিজেপি যুব মোর্চার স্থানীয় নেতা রজত জয়সওয়াল এ ঘটনায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, এ কর্মকাণ্ড হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। পরে পুলিশ উপাসনালয় অপবিত্র করা ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে অভিযুক্তদের গ্রেপ্তার করে।

হাইকোর্ট তার পর্যবেক্ষণে জানায়, নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে বিষয়টি ধর্মীয় অনুভূতিতে আঘাতের জন্য যথেষ্ট যুক্তিসংগত। তবে অভিযুক্তরা নিজেদের ভুল স্বীকার করে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন এবং ভবিষ্যতে এমন কাজ আর না করার অঙ্গীকার করেছেন।

আদালত আরও উল্লেখ করে, অভিযুক্তদের পূর্বে কোনো অপরাধমূলক রেকর্ড না থাকায় এবং তারা দীর্ঘদিন কারাভোগ করায় জামিন দেওয়ার যৌক্তিকতা তৈরি হয়েছে।