কুষ্টিয়ায় বন্ধুর হামলায় বন্ধু আহত, মাথায় ৬ সেলাই

বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

 

শফিকুর রহমান \ কুষ্টিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বন্ধুর হাতে বন্ধু আহত হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল রবিবার (১৭ মে) রাত আনুমানিক ৮টার দিকে কুষ্টিয়া শহরের জুগিয়া মন্ডলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, জুগিয়া মন্ডলপাড়া এলাকার নজরুল ইসলামের চায়ের দোকানে কয়েকজন বন্ধু একসঙ্গে বসে আড্ডা দিচ্ছিলেন। আড্ডার একপর্যায়ে কথাবার্তার মধ্যে হঠাৎ করেই তর্ক-বিতর্ক শুরু হয়। পরে সেই তর্ক সংঘর্ষে রূপ নিলে একই এলাকার লাবলুর ছেলে লাব্বি (১৯) চায়ের কাপ দিয়ে হিয়া (১৭) নামের এক যুবকের মাথায় আঘাত করেন। আহত হিয়া কুষ্টিয়া জুগিয়া মন্ডলপাড়া এলাকার শাহজাহান বাদশার ছেলে। আঘাত গুরুতর হওয়ায় ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আহত হিয়ার মাথায় ৬টি সেলাই দেন এবং প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করেন। আহতের পরিবার সূত্রে জানা যায়, হিয়া বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা আতঙ্ক ও মানসিক চাপে রয়েছেন। আহত হিয়ার পিতা শাহজাহান বাদশা বলেন, “ছেলেরা একসঙ্গে আড্ডা দিচ্ছিল। হঠাৎ এমন ঘটনা ঘটবে ভাবিনি। আমার ছেলের মাথায় গুরুতর আঘাত লেগেছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।” এদিকে ঘটনার পর অভিযুক্ত লাব্বিকে এলাকায় দেখা যায়নি বলে স্থানীয়রা জানিয়েছেন। বিষয়টি নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয় অনেকেই এমন তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে সহিংস ঘটনার নিন্দা জানিয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতের পরিবার থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছিল বলে জানা গেছে।