মন্দ কাজগুলো করে আপনারা মাজারের ওপর দোষ চাপাচ্ছেন

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

 

ঢাকা অফিস \ অনৈতিক কাজের অভিযোগ তুলে রাজধানীর শাহ আলী মাজারে হামলা হয়েছে। এ হামলায় জামায়াতে ইসলামীর জড়িত থাকার অভিযোগ উঠেছে। সেই প্রসঙ্গ টেনে কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেছেন, এখন তো প্রমাণিত হচ্ছে, মন্দ কাজগুলো আপনারাই করে মাজারের ওপর দোষ চাপাচ্ছেন। গতকাল রবিবার দুপুরে মিরপুরের শাহ আলী মাজার প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। শাহ আলী মাজারে ভক্ত ও আশেকানদের ওপর হামলার প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে সাধুগুরুভক্ত ও অলি-আউলিয়া আশেকান পরিষদ এবং ভাববৈঠকী। এর আগে মাজারে হামলার ঘটনায় আরও একজনকে গ্রেফতার করে পুলিশ। এ নিয়ে এখন পর্যন্ত এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হলো। ডিএমপির মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার মোস্তাক সরকার বিষয়টি নিশ্চিত করেন। তিনি যুগান্তরকে জানান, গ্রেফতার ব্যক্তিদের হামলায় সরাসরি অংশ নিতে দেখা গেছে। বিক্ষোভ সমাবেশে ফরহাদ মজহার বলেন, অভিযোগ উঠেছে, এই হামলার সঙ্গে জামায়াতে ইসলামী জড়িত। আমি দুঃখ পেয়েছি শুনে। আমি পত্রিকায় দেখেছি। আমি শফিক ভাইকে (জামায়াত আমির) এর আগেও বলেছি, নির্বাচনের আগে আপনি কীসের ভিত্তিতে বলেছিলেন যে ইসলামে নারী নেতৃত্ব হারাম? আপনাকে তো আমি বাহাসে ডেকেছিলাম, কোনো টেলিভিশন শোতে। আপনি তো আসেননি। আপনারা বলছেন গান হারাম। বাহাসে ডেকেছি, আসেননি। কোথায় গান হারাম? কোন আয়াত নিয়ে বলছেন গান হারাম? কোন ধরনের গান হারাম? তর্ক আছে। জামায়াতের উদ্দেশে ফরহাদ মজহার বলেন, এর আগেও বলেছি, মাজারে যেসব খারাপ কাজ বলে আমরা মনে করি-অনৈতিক কাজ এগুলো বন্ধ হওয়া দরকার। কিন্তু এখন তো প্রমাণিত হচ্ছে-মন্দ কাজগুলো আপনারাই করে মাজারের ওপর দোষ দিচ্ছেন। সমাবেশে অংশ নিয়ে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, মাজারে হামলাকে শুধু মাজারে হামলা হিসাবে দেখা যাবে না। এটাকে ভিন্নমতের ওপর হামলা হিসাবে দেখতে হবে। জামায়াতের বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন: জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, মিরপুরের শাহ আলী মাজারে ঘটে যাওয়া অপ্রত্যাশিত ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে যে অভিযোগ উত্থাপন করা হচ্ছে, তা সম্পূর্ণ অপ্রমাণিত, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।