ঈদুল আযহার আমেজে জমজমাট যদুবয়রা পশুহাট

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

নিজ সংবাদ:

পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে কুষ্টিয়ার কুমারখালীর ঐতিহ্যবাহী যদুবয়রা পশুর হাট জমে উঠেছে। বিভিন্ন এলাকা থেকে আসা ক্রেতা-বিক্রেতাদের ভিড়ে মুখর হয়ে উঠেছে পুরো হাট। সকাল থেকেই ট্রাকভর্তি গরু নিয়ে আসছেন ব্যবসায়ীরা। ছোট-বড় ও নানা জাতের গরু-ছাগলে ভরে গেছে হাট। ঈদ যত ঘনিয়ে আসছে, হাটের প্রাণচাঞ্চল্য ততই বাড়ছে।

দেশাল পশুর তুলনায় ক্রস জাতের গরুর দাম তুলনামূলক কম। তবে পশুখাদ্য ও পরিবহন খরচ বৃদ্ধির কারণে এবার গরুর দাম কিছুটা বেশি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তারপরও বাজার স্থিতিশীল রয়েছে এবং ভালো মানের পশু পাওয়া যাচ্ছে।

গরু কিনতে আসা শিশু সোহাগ ইসলাম বলে, “বাবার সাথে এসে সাড়ে সাত লাখ টাকায় একটি গরু কিনেছি। হাটে এসে খুব ভালো লাগছে।” আরেক ক্রেতা পলাশ জানান, “কোরবানির গরু কিনলাম। হাটে কোনো বিশৃঙ্খলা নেই।”

বিক্রেতা মাহফুজুর রহমান বলেন, “দেশি গরুর দাম ভালো। ১ লাখ ৩০ থেকে ১ লাখ ৩৫ হাজার টাকার মধ্যে বিক্রি হবে আশা করছি।” তোতাপুরি ছাগল বিক্রেতা বিল্লাল জানান, তাঁর ছাগলের দাম ৩০-৩২ হাজার টাকা এবং ৪০-৪৫ কেজি মাংস হবে।

হাটে পুলিশ, আনসার ও গ্রাম পুলিশের টহল রয়েছে। জাল টাকা শনাক্তকরণ, সিসিটিভি ও ডিজিটাল পেমেন্টের ব্যবস্থা করা হয়েছে। ইজারাদার কর্তৃপক্ষ জানিয়েছে, দূরের ব্যাপারীদের নিরাপত্তা ও থাকা-খাওয়ার বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। শুধু কেনাবেচার জায়গা নয়, যদুবয়রা হাট এখন ঈদের মিলনমেলায় পরিণত হয়েছে।