মিরপু‌রে এবার মাদক কারবারিকে ছাড়াতে এসে মাদক ব্যবসায়ী আটক

নিজ সংবাদ:

কুষ্টিয়ার মিরপুরে মাদক কারবারিকে ছাড়াতে তদবির করতে এসে এবার মাদক ব্যবসায়ীকে মাদকসহ আটক করেছে পুলিশ। এর আগে একই থানায় এক মাদক ব্যবসায়ীকে ছাড়ানোর তদবির করতে এসে বিএনপি-জামায়াতের ৫ নেতাকর্মীকে আটকের পরদিন তারা মুচলেকা দিয়ে মুক্তি পায়। গতকাল শুক্রবার (১৬ মে) রাত ৯টার সময় মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের আমলা বাজার থেকে মাদকসহ দুইজনকে আটক করে পুলিশ।

এরা হলেন- মিরপুর উপজেলার আমলা এলাকার মৃত জিহাদ আলীর ছেলে সজিব (১৯) এবং একই এলাকার রিপন ওরফে লাদেনের ছেলে শাকিল (১৮)। এই দুজনকে ছাড়াতে এসে মাদকসহ পুলিশ আটক করে একই এলাকার মোশারফ হোসেনের ছেলে আহসান ওরফে হাসান (৩৫) কে। মিরপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, শুক্রবার রাত ৯টার সময় আমলা বাজার থেকে গাঁজাসহ সজিব ও শাকিল নামের দুইজনকে আটক করে। পরে তাদের আমলা পুলিশ ফাঁড়িতে নিয়ে গেলে তাদের ছাড়ানোর জন্য তদবির করতে যায় আহসান ওরফে হাসান। এসময় পুলিশ তাকে তল্লাশি করলে তার কাছ থেকে গাঁজা পাওয়া যায়। তাদের তিনজনই বর্তমানে থানা হেফাজতে রয়েছে।

ওসি শহিদুল ইসলাম আরো জানান, আটককৃত আহসান দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদকের ব্যবসা করে আসছিলো বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য গত ৯ মে রাতে মিরপুরে রবিউল ইসলাম (৩৩) নামের চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে পুলিশ আটক করলে তাকে নিজেদের দলের পরিচয় দিয়ে ছাড়াতে গেলে জামায়াত ও বিএনপির ৫ নেতাকে থানা হেফাজতে নেয় পুলিশ। পরদিন তাদের মুচলেখা নিয়ে ছেড়ে দেয় পুলিশ।