হাসানুজ্জামান রাজীব \ কোরবানির ঈদকে সামনে রেখে গবাদিপশুর হাটে নিরাপদ ও ঝুঁকিমুক্ত লেনদেন নিশ্চিত করতে কুষ্টিয়ায় অনুষ্ঠিত হয়েছে “বাংলা কিউআর” ভিত্তিক ক্যাশলেস পেমেন্ট ব্যবস্থার কর্মশালা ও মতবিনিময় সভা। গতকাল বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ ব্যাংকের আয়োজনে এবং সিটি ব্যাংকের সহায়তায় কুষ্টিয়া জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, এখন মোবাইল স্ক্যান করেই তাৎক্ষণিকভাবে গবাদিপশুর মূল্য পরিশোধ করা যাবে। এতে জাল নোট, টাকা ছিনতাই ও প্রতারণার ঝুঁকি কমবে। বিশেষ করে প্রান্তিক খামারিদের জন্য এটি নিরাপদ লেনদেনের নতুন সুযোগ তৈরি করবে। সিটি ব্যাংক পিএলসির হেড অব মার্চেন্ট বিজনেস জুলফিকার আল নায়হান বলেন, সারা বছরের কষ্টের উপার্জনের নিরাপত্তাই সবচেয়ে বড় বিষয়। কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন মাতুব্বর বলেন, ক্যাশলেস লেনদেনের মাধ্যমে টাকা নিরাপদে সরাসরি গ্রাহকের কাছে পৌঁছে যায়। বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. মইনুদ্দিন জানান, কোরবানির হাটে প্রতারণা ও ছিনতাই ঠেকাতে ডিজিটাল লেনদেন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ডেপুটি ডিরেক্টর মো. পারওয়েজ আনজাম মনির বলেন, দেশের মানুষকে ডিজিটাল লেনদেনে সচেতন করতে বাংলাদেশ ব্যাংক মাঠপর্যায়ে কাজ করছে। এবার ঢাকার বাইরেও বড় বড় পশুর হাটে ডিজিটাল ব্যাংকিং বুথ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। খুলনা বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. মো. গোলাম হায়দার বলেন, অনলাইন ও লাইভ ওয়েট ভিত্তিক পশু বিক্রির দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। সভায় অংশ নেওয়া নারী খামারি সুমাইয়া ইসলাম বলেন, এই ব্যবস্থা বাস্তবায়ন হলে হাটে লেনদেন আরও নিরাপদ হবে। বিশেষজ্ঞদের মতে, পর্যাপ্ত প্রশিক্ষণ ও সচেতনতা বাড়ানো গেলে বাংলা কিউআর ভিত্তিক ক্যাশলেস লেনদেন দ্রুত জনপ্রিয় হয়ে উঠবে।
