ভেড়ামারার ইউএনও রফিকুল ইসলামের বিদায় সংবর্ধনা

বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

 

মাহমুদুল হাসান চন্দন \ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রফিকুল ইসলামের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে ক্লাব মিলনায়তনে এক আবেগঘন পরিবেশে এই বিদায় সংবর্ধনা ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়। অপরদিকে নতুন ইউএনও হিসেবে যোগদান করেছেন আমিরুল আরাফাত। তিনি গতকাল সন্ধ্যায় ভেড়ামারা পৌছে ইউএনওর দায়িত্ব বুঝে নেন।

উপজেলা অফিসার্স ক্লাবের সদস্যদের পরিচালনায় রফিকুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষাবিদ, সাংবাদিক ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বিদায়ী ইউএনও রফিকুল ইসলামের কর্মকালের ভূয়সী প্রশংসা করে বলেন, তিনি ভেড়ামারায় যোগদানের পর থেকে অত্যন্ত সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে সরকারের উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করেছেন। করোনাকালীন সংকট কাটিয়ে ওঠা, স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে তিনি অনন্য ভূমিকা রেখেছেন। সরকারি কর্মকর্তা হিসেবে তার অমায়িক ব্যবহার ও মানবিকতা ভেড়ামারাবাসী দীর্ঘকাল স্মরণ রাখবে। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আবেগঘন কণ্ঠে রফিকুল ইসলাম বলেন, ুভেড়ামারায় কাটানো সময়টি আমার সরকারি চাকুরিজীবনের অন্যতম শ্রেষ্ঠ সময়। এখানকার মানুষ অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এবং উন্নয়নকামী। দায়িত্ব পালনকালে স্থানীয় জনপ্রতিনিধি, সহকর্মী ও গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষ যেভাবে আমাকে সহযোগিতা করেছেন, সে ঋণ আমি কোনোদিন ভুলব না।” কাজের ক্ষেত্রে কোনো ভুলত্রুটি হয়ে থাকলে তিনি সবার কাছে ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করেন। অনুষ্ঠান শেষে কর্মকালীন সময়ে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এবং অফিসার্স ক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও রফিকুল ইসলামকে সম্মাননা স্মারক ও বিদায়ী উপহার তুলে দেওয়া হয়।

উল্লেখ্য, ৩৬তম বিসিএস ক্যাডারের এই দক্ষ কর্মকর্তা ২০২৪ সালের ১৩ নভেম্বর ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছিলেন। রফিকুল ইসলামের বদলির পর ভেড়ামারা উপজেলার নতুন নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব নিয়েছেন মোঃ আমিরুল আরাফাত।