নিজ সংবাদ:
গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুরের ধনঞ্জয়খালী এলাকায় তুরাগ নদের তীরে নির্মাণাধীন সড়ক ধসে পড়ার ঘটনায় সাময়িক বরখাস্ত হওয়া দুই প্রকৌশলীকে পুনরায় কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। প্রায় দেড় মাস আগে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম তাদের বরখাস্তের নির্দেশ দিয়েছিলেন। তবে সোমবার গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা স্বাক্ষরিত অফিস আদেশে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়।
পুনর্বহাল হওয়া কর্মকর্তারা হলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল) এ কে এম হারুনুর রশীদ ও নির্বাহী প্রকৌশলী (সিভিল) এস এম শামছুর রহমান মাহমুদ। গত ১৫ ফেব্রুয়ারি তুরাগ নদের তীরে নির্মাণাধীন সড়কটির একটি অংশ উদ্বোধনের আগেই প্রায় ১৫ ফুট নিচে দেবে যায়। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। পরবর্তীতে ঘটনাস্থল পরিদর্শন করে প্রতিমন্ত্রী প্রাথমিক তদন্তে অনিয়মের প্রমাণ পাওয়ার কথা জানান এবং দুই প্রকৌশলীকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন। একই সঙ্গে সাত সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়।
তবে তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযোগগুলো সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তাদের বিরুদ্ধে আনা অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অফিস আদেশে বলা হয়, ভবিষ্যতে প্রকল্প বাস্তবায়নে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক করা হয়েছে।
গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী তাদের পুনর্বহাল করা হয়েছে। তবে প্রকল্প তদারকিতে কিছু অবহেলা ছিল বলেও মন্তব্য করেন তিনি।