নিজ সংবাদ:
১১ কোটি টাকার বেশি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ-এর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।
বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক আবদুল্লাহ আল মামুনের আদালতে মামলার বাদী ও দুর্নীতি দমন কমিশন-এর উপপরিচালক হাফিজুল ইসলাম সাক্ষ্য দেন। আদালত আগামী ২০ মে পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারণ করেছেন। এর আগে গত ৩ মে অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার শুরু হয়। আর ৮ মার্চ আদালত অভিযোগপত্র গ্রহণ করে বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
মামলার অভিযোগে বলা হয়, বেনজীর আহমেদ সম্পদ বিবরণীতে ৬ কোটি ৪৫ লাখ টাকার স্থাবর এবং ৫ কোটি ৭৪ লাখ টাকার অস্থাবর সম্পদের তথ্য দেন। তবে তদন্তে তার নামে ৭ কোটি ৫২ লাখ টাকার স্থাবর ও ৮ কোটি ১৫ লাখ টাকার অস্থাবর সম্পদের সন্ধান পাওয়া যায়। দুদকের তদন্তে মোট ১৫ কোটি ৬৮ লাখ টাকার সম্পদের তথ্য মিললেও বৈধ আয়ের উৎস হিসেবে পাওয়া গেছে ৬ কোটি ৫৯ লাখ টাকা। ব্যয় বাদ দিলে তার নিট সঞ্চয় দাঁড়ায় ৪ কোটি ৬৩ লাখ টাকা। ফলে ১১ কোটি ৪ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের প্রমাণ পাওয়া গেছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।
এছাড়া অবৈধ অর্থ বিভিন্ন ব্যাংক হিসাব ও ব্যবসাপ্রতিষ্ঠানে বিনিয়োগ ও স্থানান্তরের অভিযোগও আনা হয়েছে।