প্রেমিকাকে বিয়ে করতে এসে বিষপান, কুষ্টিয়ায় হাসপাতালে বগুড়ার তরুণ

টিকটকে তরুণ-তরুণীর প্রেম

নিজ সংবাদ:

কুষ্টিয়ার মিরপুরে প্রেমিকাকে বিয়ে করতে এসে বিষপান করেছেন বগুড়ার এক তরুণ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন। ঘটনাটি ঘটেছে মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের চৌদুয়া গ্রামে। অসুস্থ তরুণের নাম ইলিয়াস সরদার। তিনি বগুড়ার ধুনট উপজেলার নিচ্চুনপুর গ্রামের আশরাফ সরদারের ছেলে।

জানা গেছে, টিকটকে ভিডিও দেখার মাধ্যমে এক তরুণীর সঙ্গে ইলিয়াসের পরিচয় হয়। পরে ফেসবুকে যোগাযোগ বাড়তে বাড়তে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত সোমবার প্রেমিকার সঙ্গে দেখা ও বিয়ের উদ্দেশ্যে বগুড়া থেকে কুষ্টিয়ায় আসেন তিনি। এরপর প্রেমিকার বাড়িতে অবস্থান নিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন।

তরুণীর পরিবার জানায়, বিয়ে করতে হলে ছেলের বাবা-মাকে আসতে হবে। বিষয়টি নিজের পরিবারকে জানালে ইলিয়াস বকাঝকার মুখে পড়েন। এতে মানসিকভাবে ভেঙে পড়ে সন্ধ্যায় প্রেমিকার বাড়ির পাশের একটি মেহগনি বাগানে গিয়ে বিষপান করেন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করেন।

ইলিয়াস সরদার বলেন, দুই পরিবার রাজি না হওয়ায় এবং বাবা-মায়ের বকাবকিতে তিনি আত্মহত্যার চেষ্টা করেন। হাসপাতাল সূত্র জানায়, তিনি বর্তমানে শঙ্কামুক্ত। তবে বুধবার সকাল পর্যন্ত তার পরিবারের কেউ হাসপাতালে খোঁজ নিতে আসেননি।