নিজ সংবাদ:
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পানিসংকট নিরসনে ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকা ব্যয়ে পদ্মা ব্যারাজ (প্রথম পর্যায়) নির্মাণ প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার। বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-র সভায় প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়।
সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী জুলাই থেকে প্রকল্পের কাজ শুরু হয়ে ২০৩৩ সালের জুনে শেষ হওয়ার কথা রয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করবে পানিসম্পদ মন্ত্রণালয়।
প্রকল্পের আওতায় রাজবাড়ীর পাংশা উপজেলার পদ্মা নদীতে ২ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ মূল বাঁধ নির্মাণ করা হবে। সরকারের দাবি, এ উদ্যোগের মাধ্যমে দেশের প্রায় ৩৭ শতাংশ জমির পানিসমস্যা সমাধানে সহায়তা মিলবে। পাশাপাশি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পাঁচটি নদীতে পানিপ্রবাহ বাড়িয়ে নদীগুলো পুনরুজ্জীবিত করা হবে।
এতে সুন্দরবন অঞ্চলে লবণাক্ততা কমবে, জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষা পাবে এবং কৃষি ও মাছ উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশা করছে সরকার। একই সভায় মোট ৩৬ হাজার ৬৯৫ কোটি ৭২ লাখ টাকার ৯টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে নতুন প্রকল্প রয়েছে তিনটি। সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।