নিজ সংবাদ:
খুলনার তেরখাদায় আড়াই মাস বয়সী যমজ দুই কন্যাশিশুকে হত্যার দায়ে তাদের মা কানিজ ফাতেমা (কনা)-কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল-এর বিচারক মো. মঞ্জুরুল ইমাম এ রায় ঘোষণা করেন।
মামলার তথ্য অনুযায়ী, ২০১৮ সালে বাগেরহাটের মাসুম বিল্লাহর সঙ্গে কানিজ ফাতেমার বিয়ে হয়। ২০২১ সালের ডিসেম্বরে জন্ম নেয় যমজ দুই কন্যাশিশু মনি ও মুক্তা। সন্তান জন্মের পর ফাতেমা বাবার বাড়িতে অবস্থান করছিলেন এবং দাম্পত্য কলহ চলছিল বলে মামলার নথিতে উল্লেখ করা হয়।
২০২২ সালের ১৮ ফেব্রুয়ারি শিশু দুটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে পরিবারের সদস্যদের জানান ফাতেমা। পরদিন ভোরে বাড়ির পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশু দুটির বাবা তেরখাদা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, পারিবারিক অশান্তি ও সন্তানদের লালন-পালন নিয়ে মানসিক চাপে পড়ে ফাতেমা শিশু দুটিকে হত্যা করে মরদেহ পুকুরে ফেলে দেন।
তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। বিচার শেষে আদালত আসামিপক্ষের দাবি গ্রহণ না করে কানিজ ফাতেমাকে দোষী সাব্যস্ত করেন। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।