নিজ সংবাদ:
রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী বলেছেন, ১৯৯১ সালে রাজনৈতিক দলগুলোর সম্মিলিত সংস্কার প্রস্তাব বিএনপি ক্ষমতায় গিয়েও বাস্তবায়ন করেনি। একইভাবে ২০২৪ সালের অভ্যুত্থানের পরও প্রত্যাশিত পরিবর্তন আসেনি বলে তিনি মন্তব্য করেন।
রোববার (৩ মে) সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এনসিপির জাতীয় কনভেনশনে তিনি এসব কথা বলেন। জ্বালানি, অর্থনীতি, সংস্কার ও গণভোট বিষয়ক এই কনভেনশনে তিনি দাবি করেন, একটি পরিকল্পিত প্রক্রিয়ার মাধ্যমে অভ্যুত্থানের পর জনগণের প্রত্যাশা ভেস্তে দেওয়া হয়েছে।
দিলারা চৌধুরী বলেন, দেশের এলিট, সিভিল-মিলিটারি ও ব্যুরোক্রেসির একটি অংশ ক্ষমতা ছাড়তে চায় না, যার ফলে সংস্কার কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে। তিনি অভিযোগ করেন, জুলাই সনদে অন্তর্ভুক্ত গুম, মানবাধিকার, দুর্নীতি দমন কমিশন ও বিচার বিভাগের মতো গুরুত্বপূর্ণ সংস্কারগুলো বাতিল করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, উন্নত দেশে এ ধরনের বক্তব্য দিলে তাৎক্ষণিকভাবে পদত্যাগ করতে হতো।
তিনি আরও বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে কাউন্সিল গঠনের কথা থাকলেও তা বাস্তবায়ন হয়নি। এসব সংস্কার না হলে সরকার কর্তৃত্ববাদী হয়ে উঠতে পারে বলেও সতর্ক করেন তিনি। শেষে তিনি বলেন, সংকট এড়াতে সরকারকে জুলাই সনদ ও গণভোটের রায় মেনে চলতে হবে, অন্যথায় দেশ আবার পুরোনো পথে ফিরে যেতে পারে।