ধাপে ধাপে ইশতেহার ও জুলাই সনদের প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে: প্রধানমন্ত্রী

নিজ সংবাদ:

নির্বাচনি ইশতেহার ও জনগণের সামনে স্বাক্ষরিত জুলাই সনদের সব বিষয় পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৩ মে) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জনপ্রশাসনে পদায়ন ও বদলির ক্ষেত্রে সততা, মেধা ও দক্ষতাই হবে মূল নীতি। তিনি জেলা প্রশাসকদের দেশের যেকোনো স্থানে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান। “জনপ্রশাসনের প্রতিটি পদই গুরুত্বপূর্ণ, তাই দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখতে হবে,” বলেন তিনি।

দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, দারিদ্র্য ও বেকারত্ব বেড়েছে এবং বিভিন্ন প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে জনগণের দুর্ভোগ না বাড়িয়ে সমস্যার কার্যকর সমাধান খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানান তিনি। এ সময় বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়ে গুরুত্ব দিয়ে তিনি নির্দেশনা দেন, সন্ধ্যা ৭টার পর মার্কেট ও শপিংমলে বিদ্যুৎ ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে এবং এ বিষয়ে নজরদারি বাড়াতে হবে।

এর আগে সকাল সোয়া ১০টার দিকে সচিবালয় থেকে হেঁটে সম্মেলনস্থলে যান প্রধানমন্ত্রী। পথে সাধারণ মানুষ তাকে শুভেচ্ছা জানালে তিনি হাত নেড়ে অভিবাদনের জবাব দেন। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সম্মেলনের প্রথম দিনে প্রধানমন্ত্রীর কার্যালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে আলোচনা হয়। দিন শেষে জেলা প্রশাসকরা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।