দেশের পথে যুক্তরাষ্ট্রে নিহত লিমনের মরদেহ

নিজ সংবাদ:

যুক্তরাষ্ট্রের টাম্পা শহরে হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা-এর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে পাঠানো হয়েছে। শনিবার (২ মে) সন্ধ্যায় অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মরদেহটি পাঠানো হয়। আগামী সোমবার সকাল ৮টা ৪০ মিনিটে এটি বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।

মরদেহ পাঠানোর পুরো প্রক্রিয়া তদারকি করেন মায়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল সেহেলী সাবরীন ও কনসাল থোইং। এর আগে ৩০ এপ্রিল টাম্পার একটি মসজিদে লিমনের জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে প্রবাসী বাংলাদেশি, শিক্ষার্থী ও স্বজনরা অংশ নেন। গত ২৫ এপ্রিল লিমনের মরদেহ উদ্ধারের পর ওয়াশিংটন ডিসি-তে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং মায়ামি কনস্যুলেট স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে।

লিমন বিশ্ববিদ্যালয়ের ভূগোল, পরিবেশ ও নীতি বিভাগে পিএইচডি করছিলেন। গত ১৬ এপ্রিল তিনি ও আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। পরে ২৫ এপ্রিল হাওয়ার্ড ফ্র্যাংকল্যান্ড ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় লিমনের রুমমেট হিশাম আবুগারবিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে, নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহও শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তার মরদেহ দ্রুত দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।