সাত দিনের সফরে জাপানে ডা. শফিকুর রহমান

নিজ সংবাদ:

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সাত দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। শনিবার (২ মে) রাত ৩টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে জাপানের উদ্দেশে রওনা হন। সফরে তার সঙ্গে রয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি এবং আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি।

দলীয় সূত্রে জানা গেছে, সফরকালে ডা. শফিকুর রহমান জাপানের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং মতবিনিময় করবেন। এই বৈঠকগুলোতে দ্বিপাক্ষিক সম্পর্ক, সমসাময়িক রাজনৈতিক বিষয় এবং পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে, সফরটি মূলত কূটনৈতিক যোগাযোগ বৃদ্ধি ও আন্তর্জাতিক পরিসরে মতবিনিময়ের অংশ হিসেবে আয়োজিত হয়েছে। সাত দিনের এই সফর শেষে আগামী ৯ মে তার দেশে ফেরার কথা রয়েছে।