নিজ সংবাদ:
জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান-এর উত্থাপিত প্রশ্নের প্রেক্ষিতে ইরানের পাশে না থাকার অভিযোগ নাকচ করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার (১ মে) এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, চলমান উপসাগরীয় পরিস্থিতিতে বাংলাদেশের ভারসাম্যপূর্ণ ও গঠনমূলক নীতি সংশ্লিষ্ট দেশগুলো প্রশংসা করেছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, ঢাকায় অবস্থিত ইরানের দূতাবাস সাম্প্রতিক এক বিবৃতিতে বাংলাদেশের নীতির প্রশংসা করেছে এবং কিছু বক্তব্য আংশিকভাবে প্রচার করায় অসন্তোষ প্রকাশ করেছে।
এছাড়া গত ২৩ এপ্রিল ঢাকায় ইরানি দূতাবাসে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদি বাংলাদেশের সহমর্মিতা ও জরুরি চিকিৎসা সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান। তিনি দুই দেশের গভীর ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথাও পুনর্ব্যক্ত করেন।
মন্ত্রণালয় বলেছে, ইরানের প্রতি বাংলাদেশের সমর্থন অব্যাহত রয়েছে এবং এ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই।