উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রকে ইরানের নতুন প্রস্তাব

নিজ সংবাদ:

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা পুনরায় শুরু করতে পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে নতুন প্রস্তাব দিয়েছে ইরান। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দেওয়া এই প্রস্তাবের তথ্য শুক্রবার (১ মে) জানিয়েছে ইরনা। প্রতিবেদনে বলা হয়, ইরান যুদ্ধ পরিস্থিতি নিরসনে চলমান অচলাবস্থা ভাঙতে এই উদ্যোগ নিয়েছে। যদিও প্রস্তাবের বিস্তারিত প্রকাশ করা হয়নি, তবে এ খবরের পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা কমেছে। হরমুজ প্রণালিতে ইরানের অবরোধের পর থেকেই তেলের দাম দ্রুত বেড়ে গিয়েছিল।

এদিকে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হুঁশিয়ারিতে পুরো অঞ্চলজুড়ে উত্তেজনা বিরাজ করছে। নতুন করে সংঘাত শুরুর আশঙ্কাও বাড়ছে। পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আন্তোনিও গুতেরেস। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি সতর্ক করে বলেন, ইরানকে ঘিরে যুদ্ধ ও অস্থিতিশীলতা ‘প্রতি ঘণ্টায় আরও খারাপের দিকে যাচ্ছে’।