ক্রীড়া ডেস্ক:
২০২৬ সালের বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে সব ধরনের অনিশ্চয়তা দূর করে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো স্পষ্টভাবে জানিয়েছেন, ইরান টুর্নামেন্টে খেলবে এবং তাদের সব ম্যাচ নির্ধারিত সূচি অনুযায়ী যুক্তরাষ্ট্রেই অনুষ্ঠিত হবে। ফিফা কংগ্রেসের উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ইরানের অংশগ্রহণ নিয়ে কোনো সন্দেহ নেই। তিনি আরও বলেন, বিশ্বকাপের মূল লক্ষ্য মানুষকে ঐক্যবদ্ধ করা এবং সব দেশকে কাছাকাছি আনা।
এর আগে কংগ্রেসকে ঘিরে কিছু জটিলতা তৈরি হয়, যখন ইরানের প্রতিনিধিদলের কয়েকজন সদস্য কানাডায় প্রবেশে বাধার মুখে পড়েন। ইরানি গণমাধ্যমের দাবি, দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজসহ কয়েকজন কর্মকর্তা অভিবাসন জটিলতার কারণে ফিরে যেতে বাধ্য হন। কানাডা সরকার জানায়, নির্দিষ্ট কিছু ব্যক্তির প্রবেশের ক্ষেত্রে তাদের অবস্থান স্পষ্ট এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে জানা যায়, প্রতিনিধিদলের দুই সদস্য প্রবেশের অনুমতি পেলেও একজনকে ফিরিয়ে দেওয়ায় পুরো দল কংগ্রেসে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয়। ফলে আনুষ্ঠানিকভাবে ইরানকে ‘অনুপস্থিত’ হিসেবে উল্লেখ করা হয়।
তবে এসব ঘটনার পরও ইনফান্তিনো স্পষ্ট করে দেন, বর্তমানে কোনো সদস্য দেশ নিষিদ্ধ নয় এবং ইরানের ম্যাচ অন্য কোথাও সরানোর কোনো পরিকল্পনা নেই। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ফিফার সিদ্ধান্তে তার কোনো আপত্তি নেই।
আগামী ১১ জুন শুরু হওয়া বিশ্বকাপে ইরান ১৫ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু করবে। টুর্নামেন্টটি শেষ হবে ১৯ জুলাই।