সংসদে নিজ কলেজের শিক্ষার্থীদের পেয়ে প্রধানমন্ত্রীর স্মৃতিচারণ

নিজ সংবাদ:

জাতীয় সংসদ ভবন পরিদর্শনে আসা রাজধানীর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের কার্যক্রম দেখতে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী সংসদে আসে।

ষষ্ঠ থেকে একাদশ শ্রেণির এসব শিক্ষার্থী শপথ কক্ষে বসে অধিবেশনের কার্যক্রম, সংসদের স্থাপত্যশৈলী এবং আইন প্রণয়ন প্রক্রিয়া সম্পর্কে ধারণা লাভ করে। এ সময় তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলাপ করেন প্রধানমন্ত্রী।

শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, তিনিও এই প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন এবং তার ভাই আরাফাত রহমান কোকোও একই কলেজে পড়াশোনা করেছেন। তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন এবং দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।

জানা যায়, শিশু-কিশোরদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করা এবং সংসদীয় কার্যক্রম সম্পর্কে ধারণা দিতে শিক্ষার্থীদের জন্য সংসদে নির্দিষ্ট আসন বরাদ্দ রয়েছে। সেই উদ্যোগের অংশ হিসেবেই শিক্ষার্থীরা নিয়মিত সংসদ পরিদর্শনের সুযোগ পাচ্ছে।

এদিন প্রধানমন্ত্রীর ভাষণ উপলক্ষে বিশেষ আমন্ত্রণে শিক্ষার্থীরা সংসদে অংশ নেয়, যা তাদের জন্য একটি অনন্য অভিজ্ঞতা হয়ে ওঠে।